লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: শীত হোক বা গরম, ফলের ঝুড়িতে কমলার কদর সবসময়ই আলাদা। সুমিষ্ট স্বাদ আর গন্ধে ভরপুর এই ফলটি কেবল তৃষ্ণাই মেটায় না, বরং শরীরকে সুস্থ রাখতে জাদুকরী ভূমিকা পালন করে। পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানসিক অবসাদ দূর করা—সবক্ষেত্রেই কমলার জুড়ি মেলা ভার।
যারা বাড়তি ওজন নিয়ে চিন্তিত, তাদের জন্য কমলা হতে পারে আদর্শ ড ডায়েট। এতে ক্যালরি থাকে নামমাত্র, কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ও পানি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। এছাড়া কমলার পুষ্টিগুণ শরীরের বিপাকক্রিয়া সচল রেখে চর্বি বা মেদ ঝরাতে সহায়তা করে।
কমলায় থাকা ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে। এটি বয়সের ছাপ, ব্রন ও দাগছোপ দূর করতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। অন্যদিকে, যারা দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে কাজ করেন, তাদের চোখের জন্য কমলায় থাকা ভিটামিন ‘এ’ অত্যন্ত উপকারী।
মৌসুমি সর্দি-কাশি ও জ্বর থেকে বাঁচতে কমলা এক প্রাকৃতিক ঢাল। এর ভিটামিন ‘সি’ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি এতে থাকা পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ বা স্ট্রেস কমাতে কমলা দারুণ কার্যকরী। এটি স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রেখে মনকে ফুরফুরে করে তোলে। এছাড়া এর প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
বাংলাফ্লো/এফআইআর






