আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে আকস্মিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠায়। সেখানে পাকিস্তানি নৌবাহিনীর এমন ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ তীব্র নিন্দা জানায় ভারত।
সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উত্তর আরব সাগরে ওমানের জলসীমার কাছাকাছি রুটিন টহল দিচ্ছিল ভারতের একটি যুদ্ধজাহাজ। সে সময় অত্যন্ত দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে একটি পাকিস্তানি নৌযান এসে ভারতীয় জাহাজের সামনে চলে আসে এবং একপর্যায়ে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এই সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
ভারতের দাবি, ১৯৯১ সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা নৌযান চলাচলের ক্ষেত্রে আগে থেকেই নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পাকিস্তানি নৌবাহিনী সেই নিয়মের ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করতে পাকিস্তানি কূটনীতিককে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তান ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এমন একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ










