বাংলা ফ্লো ডেস্ক
ঢাকা: রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা এবং পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পরপরই তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাকে সেখানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে সক্রিয় চক্রান্ত এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন তৎপরতায় তার সংশ্লিষ্টতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









