বাংলাফ্লো প্রতিবেদক ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। এতে ওইসব এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শত শত শ্রমিক। এরপর মিরপুর-১১, ১২ নম্বর ও প্রশিকা মোড়েও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ততম সড়কগুলো বন্ধ হয়ে পড়ায় তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই শ্রমিকেরা রাস্তায় নেমে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে শান্ত করার চেষ্টা করছে। এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা জানান, মিরপুর-১০ দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও ট্রাফিক পুলিশ ডাইভারশনের মাধ্যমে বিকল্প সড়কে যান চলাচল সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে গতকাল শনিবারও (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সেদিন দুপুরের পর শাহ আলী এলাকায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও বিপণিবিতানে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ধারাবাহিকতায় রোববার সকাল থেকেই ফের রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন তারা।
বাংলাফ্লো/এম এইচ এইচ










