প্রযুক্তি ডেস্ক
ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির লাগামহীন বিকাশের ফলে বর্তমানে রাষ্ট্রের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যপ্রযুক্তি গবেষক ও বিশেষজ্ঞরা। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানবসভ্যতার জন্য আশীর্বাদ নয়, অস্তিত্বের সংকট’ শীর্ষক বিশেষ ছায়া সংসদে এই সতর্কবার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট বিজ্ঞান লেখক ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহীম বলেন, “আজ ফেইক নিউজ, ভয়েস ক্লোনিং ও ডিপফেকের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ও সম্মান মুহূর্তেই ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। সত্যকে গুজব এবং গুজবকে সত্যে রূপান্তর করা হচ্ছে। এমনকি সাইবার নিরাপত্তা এতটাই নাজুক যে স্বয়ংক্রিয় এআই সিস্টেম ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, মানুষের বিচারবুদ্ধি বা ‘কমনসেন্স’ এআইয়ের নেই; তাই সুপার এআই মানুষের নাগালের বাইরে যাওয়ার আগেই বৈশ্বিক সমঝোতার ভিত্তিতে কঠোর আইনি কাঠামো প্রণয়ন করতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতির বক্তব্যে বলেন, এআই প্রযুক্তি চিকিৎসা ও কৃষিতে বিপ্লব ঘটালেও এর অপব্যবহারের মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানো হচ্ছে এবং অপসাংবাদিকতার বিস্তার ঘটিয়ে মূলধারার গণমাধ্যমকে আস্থার সংকটে ফেলা হচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসাত্মক ব্যবহার রুখতে এখনই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাইবার সুরক্ষা বলয় জোরদার করার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












