জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় উপস্থিত হয়ে তিনি আশপাশের দোকানপাট, পথচারী এবং সেবাগ্রহীতাদের হাতে লিফলেট তুলে দেন।
দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের বিশেষ উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছেই সরাসরি চমেক হাসপাতাল প্রাঙ্গণে এসে এই কর্মসূচিতে অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারপত্র বিতরণে অংশ নেন।
বিতরণকৃত প্রচারপত্রে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে তিন দিনের বেশি স্বচ্ছ পানি জমতে না পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। হাসপাতালের প্রধান ফটকের সামনের ফল ও চায়ের দোকানদার, ফুটপাতের পথচারী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের হাতে এসব লিফলেট তুলে দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। ডাবের খোসা, টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতেই এডিসের লার্ভা জন্মায়। তিনি আরও জানান, চমেক ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোগী ভর্তির হার আগের চেয়ে কমেছে। চট্টগ্রামে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তির সঠিক ব্যবহারের কারণে ঢাকার তুলনায় সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কম।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ ড্যাব নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসক ও চসিকের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










