বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে নিয়ে আসা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বা আটক দেখানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি আকতার হোসেন বলেন, ডিবি আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী থেকে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
বাংলাফ্লো/এম এইচ এইচ









