বাংলাফ্লো প্রতিবেদক ঢাকা: শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ছড়িয়ে পড়া শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকশ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যমতে, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছে পাঁচ প্লাটুন বিজিবি। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ী, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় সর্বোচ্চ ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছে আরও ছয় প্লাটুন বিজিবি।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে কাজ করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল ও কঠোর নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












