খেলাধুলা ডেস্ক
ঢাকা: জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার মুখে পড়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন দল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের জার্সিতে পাসপোর্ট অনুযায়ী সঠিক নাম মুদ্রণের বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়ের নামের বানান ভুল করা হয়েছে। এমনকি দুই খেলোয়াড়ের নাম জোড়াতালি দিয়ে সম্পূর্ণ কাল্পনিক এক নাম জার্সিতে লিখে ছাপানো হয়েছে, যা নিয়ে খেলা শুরুর আগেই দলটির অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরুষ ব্যাডমিন্টন দলের খেলোয়াড় তালিকায় রয়েছেন আয়মান ইবনে জামান এবং আরেক খেলোয়াড়ের নাম জুমার। কিন্তু ব্যাডমিন্টন ফেডারেশন দুজনের নাম অদ্ভুতভাবে গুলিয়ে ফেলে জার্সিতে নাম লিখেছে ‘জুমান’—যে নামে দলে বা দেশের কোনো খেলোয়াড়ই নেই! এছাড়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দেশের নাম নিচে থাকার কথা থাকলেও বাংলাদেশ দলের জার্সিতে দেশের নাম ছাপা হয়েছে সবার উপরে।
খেলোয়াড়রা জানিয়েছেন, দেশে থাকতেই তারা এই গুরুতর ভুল লক্ষ্য করে কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে নিজেদের পকেটের টাকায় এক সেট বিকল্প জার্সি তৈরি করেছেন। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এমন অপেশাদার আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পেছনে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি উঠেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











