বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন শৌচাগার থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত পিস্তলটির নলে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসা’ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ইতোমধ্যে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পিস্তলটির প্রকৃত মালিক কে এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে বর্তমানে ব্যাপক তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।
বাংলাফ্লো/এফআইআর






