বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অপচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চললেও রোববার তারা সহিংস রূপ নেয়। আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত সাধারণ পোশাক শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বড় ধরনের নাশকতার চেষ্টা চালাচ্ছিল। ঘটনাস্থলে শ্রমিকদের মধ্য থেকে ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, মিরপুর-১০ ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এই নাশকতার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছিল। আলিফই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে শতাধিক নেতাকর্মীকে ঢাকায় এনে শ্রমিকদের ভিড়ে ঢুকিয়ে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই ছিল তাদের মূল লক্ষ্য। নাশকতার মূল পরিকল্পনাকারী আলিফ মোল্লাসহ জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












