আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের তোপের মুখে পড়েছেন বিজেপি সাংসদ ও বলিউড তারকা কঙ্গনা রানাউত। জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের এই আন্দোলনকারীদের তিনি ‘দুর্নীতিগ্রস্ত, কুৎসিত এবং আবর্জনার প্রজন্ম’ বলে কড়া সমালোচনা করেছেন। তবে তার এই ঝাঁঝালো মন্তব্যের জবাবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও ছাত্রনেতা অভিজিৎ দীপ বেশ তাচ্ছিল্যের সুরেই বলেছেন, ‘কঙ্গনাকে আসলে কে গুরুত্ব দেয়?’
বুধবার (২৯ জুলাই) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, নিজের মন্তব্য ঘিরে তৈরি হওয়া প্রবল সমালোচনার মুখে পড়ে একটি সেলফি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কঙ্গনা। সেখানে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তার কথা বিকৃত করার অভিযোগ তুলেছেন। এই বিজেপি নেত্রীর দাবি, তিনি ঢালাওভাবে গোটা প্রজন্মকে আক্রমণ করেননি। বরং আন্দোলনে অংশ নেওয়া কিছু মানুষের অশালীন আচরণের প্রতিবাদ করেছেন। তার মতে, প্রকাশ্য রাস্তায় নারী, শিশু ও বয়স্কদের সামনে কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই বাকস্বাধীনতার পর্যায়ে পড়ে না। একটি সুশৃঙ্খল সমাজে সংবিধান ও সামাজিক শিষ্টাচার মেনে চলাটা সবার দায়িত্ব।
ভিডিওতে কঙ্গনা আরও স্পষ্ট করেন যে, দেশের বহু প্রতিভাবান তরুণের অর্জন নিয়ে তিনি যথেষ্ট গর্ববোধ করেন। উদাহরণ হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর মতো স্টার্টআপ এবং যেসব তরুণ কঠোর পরিশ্রমে সংসারের হাল ধরছেন, তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বিক্ষোভে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, তারও তীব্র নিন্দা জানান অভিনেত্রী। তিনি মনে করিয়ে দেন, মোদিকে অনেকেই অভিভাবক বা আদর্শ হিসেবে মানেন, তাই এমন কুরুচিকর মন্তব্য সাধারণ মানুষের আবেগে চরম আঘাত হানে।
এদিকে, এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বিশাল দাদলানি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কারও নাম উল্লেখ না করেই তিনি একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে, আন্দোলনকারীদের স্লোগানের ভাষা নিয়ে যতটা কাঁটাছেঁড়া হচ্ছে, তাদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছোড়ার মতো অমানবিক বিষয়গুলো নিয়ে কেন সবাই নিশ্চুপ? দাদলানির দাবি, শুধু কথার ভাষা নয়, প্রতিবাদের মূল কারণ ও প্রেক্ষাপটটাও সমানভাবে তলিয়ে দেখা উচিত।
বাংলাফ্লো/এম এইচ এইচ












