বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। শুক্রবার আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যুর মধ্য দিয়ে টানা সাত দিন প্রাণহানির ঘটনা ঘটল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। উদ্বেগজনক বিষয় হলো, এর মধ্যে কেবল জুলাই মাসেই মারা গেছেন ৩৬ জন, যা বছরের প্রথম ছয় মাসের মোট মৃত্যুর দ্বিগুণেরও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১০ জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ৯ হাজার ২০৬ জন, যা মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশের বেশি।
পরিসংখ্যান বলছে, এ বছর ডেঙ্গুতে প্রাণ হারানো ৫৪ জনের মধ্যে নারীর সংখ্যা বেশি (৩৩ জন), যেখানে পুরুষ মারা গেছেন ২১ জন। তবে আক্রান্তের ক্ষেত্রে পুরুষের সংখ্যা বেশি (৯,৪১২ জন পুরুষ এবং ৫,৮৯৩ জন নারী)। সবশেষ ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন, তিনি ২১ থেকে ২৫ বছর বয়সী একজন নারী এবং তার মৃত্যু হয়েছে খুলনায়। তবে এ বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
কীটতত্ত্ববিদরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুম এখন দীর্ঘায়িত হচ্ছে। সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত এর প্রকোপ থাকলেও এবার তা অক্টোবর পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বছর ডেঙ্গুর ‘ডেন-৩’ ভ্যারিয়েন্ট বা সেরোটাইপ সবচেয়ে বেশি সক্রিয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে এ বছর ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি বরিশাল বিভাগে (৩ হাজার ৩১২ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ (২ হাজার ৬৫১ জন)। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ২ হাজার ১২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৫৯৭ জন ও খুলনায় ১ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে (৯৭ জন)।
বাংলাফ্লো/এম এইচ এইচ












