স্পোর্টস ডেস্ক
ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এই সিরিজেও দলের একমাত্র লক্ষ্য জয় নিশ্চিত করা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। …কিন্তু এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা।”
তিনি টি-টোয়েন্টিকে মোমেন্টামের খেলা উল্লেখ করে বলেন, “আমাদের কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। …এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।”
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সচরাচর ব্যাটিংবান্ধব হয়ে থাকে। এ বিষয়ে রাজ্জাক আশাবাদী। তিনি বলেন, “যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। …উইকেট এখনো দেখিনি। জেতার জন্য যে রান দরকার, সেই রানই করা হবে ইনশাআল্লাহ।”
আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর। সিরিজের সবকটি ম্যাচই চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে।
বাংলাফ্লো/এফআইআর






