স্পোর্টস ডেস্ক
ঢাকা: বয়স সবেমাত্র ১৯ বছর ছুঁয়েছে, কিন্তু ফুটবল মাঠে একের পর এক অবিস্মরণীয় কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এবার ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে নতুন এক ইতিহাস রচনা করেছেন এই প্রতিভাবান উইঙ্গার।
স্পটিফাই ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই বাঁ পায়ের জাদুকরী বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে কাতালানদের এগিয়ে নেন ইয়ামাল। এই চোখ জুড়ানো গোলটির মাধ্যমেই ইউরোপ সেরার আসরে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ব্যক্তিগত ১৪তম গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন তিনি।
এর মাধ্যমে ইয়ামাল ভেঙে দিয়েছেন বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপের দীর্ঘদিনের রেকর্ড। এমবাপে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন ১৩টি গোল। মাত্র ৩৭ ম্যাচ খেলেই এমবাপেকে টপকে এই বয়সসীমার একক গোলদাতার শীর্ষ মুকুট নিজের করে নিয়েছেন বার্সেলোনার এই তরুণ তুর্কি।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগেও একাধিক রেকর্ড নিজের দখলে নিয়েছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে শুরুর একাদশে সুযোগ পেয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে নামার রেকর্ড গড়েন তিনি। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ডও তারই দখলে রয়েছে।
চলতি মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে স্বপ্নের ফর্মে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ইতোমধ্যে ১৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি গোল। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ে রাফিনিয়ার জোড়া গোল বার্সাকে টেবিলের দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। আগামী জুলাইয়ে ২০ বছরে পা দেওয়ার আগে ইয়ামাল নিজের এই রেকর্ডকে আরও কতদূর নিয়ে যান, বিশ্ব ফুটবল এখন তারই অপেক্ষায়।
বাংলাফ্লো/এম এইচ এইচ










