স্পোর্টস ডেস্ক ঢাকা: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবার নতুন রোমাঞ্চের অপেক্ষায় প্রবাসী ও দেশের ক্রিকেটভক্তরা। রিশাদ হোসেনের পর এবার বিগ ব্যাশ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামবেন এই বাঁহাতি কাটার মাস্টার। আর মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনাকে কাজে লাগিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) উৎসবমুখর করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজের উপস্থিতি মাঠে উদযাপন করতে বাংলাদেশি দর্শকদের জন্য ‘FIZZBAY’ প্রমোকোড চালু করেছে মেলবোর্ন রেনেগেডস কর্তৃপক্ষ। এই বিশেষ কোড ব্যবহার করে ২০০টি ফ্যামিলি টিকিটের ওপর সরাসরি ৫০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন দর্শকরা। রেনেগেডসের লক্ষ্য, মেলবোর্নে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে গ্যালারিতে এনে লাল-সবুজ পতাকা ও ক্লাবের জার্সিতে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করা।
মেলবোর্ন রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট সংবাদ সম্মেলনে জানান, কেবল বাণিজ্যিক লাভ নয়, দলের ম্যাচ জেতানোর সামর্থ্য বিবেচনা করেই মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এমসিজিতে মুস্তাফিজের খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতি পুরো টুর্নামেন্টের আবহ পাল্টে দেবে বলে বিশ্বাস করেন তিনি।
রেনেগেডসের প্রধান কোচ লুক রঙ্কি এবং বোলিং কোচ ক্লিন্ট ম্যাকাই দুজনই মুস্তাফিজকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। ডেথ ওভারে মুস্তাফিজের কাটার, স্লোয়ার ও নিখুঁত ইয়র্কারের পাশাপাশি নতুন বলে সুইং করানোর দক্ষতাকে দলের ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন তারা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের ম্যাচ জেতানোর দীর্ঘ অভিজ্ঞতায় ভরসা রাখছে দলটি।
আগামী ১২ ডিসেম্বর পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশ অভিযান শুরু করবে মেলবোর্ন রেনেগেডস। তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না মুস্তাফিজ। আগামী ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হতে পারে বাংলাদেশের এই কাটার মাস্টারের।
বাংলাফ্লো/এম এইচ এইচ









