আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপপ্রয়োগ করছে সৌদি আরব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা সৌদি আরবের এই কূটনৈতিক চাপের বিষয়টি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়ায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে—ইউরোপীয় ইউনিয়নের এমন শঙ্কা এখনও দূর করতে পারেনি সৌদি আরব। এক দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই সৌদি আরবে হামলা চালিয়ে আসছে হুথিরা।
ইরান-সমর্থিত গোষ্ঠীটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে রিয়াদের চলমান বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সৌদি আরব। উল্লেখ্য, ইইউর নিষেধাজ্ঞার তালিকায় আগে থেকেই রয়েছে হুথিরা; যার মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা এবং গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পত্তি জব্দের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত।
হুথিদের প্রধান সমর্থক ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো হুথিদের সরাসরি সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করলেও ইউরোপীয় ব্লক এখনও সেই পদক্ষেপ নেয়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে বিতাড়িত করার পর থেকেই ইয়েমেন সরকারের পক্ষে গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইরত একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।
বাংলাফ্লো/এম এইচ এইচ









