তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: কর্মক্ষেত্রে কাজের চাপ ভুলে সারাদিন ভিডিও গেম খেলার জন্য যদি স্বয়ং প্রতিষ্ঠান থেকেই বেতনসহ ছুটি মেলে, তবে কেমন হয়? অবিশ্বাস্য শোনালেও সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক তাদের কর্মীদের জন্য এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রতিষ্ঠানটির প্রায় সাত হাজার কর্মীকে শুধুমাত্র ভিডিও গেম খেলার জন্য এক দিনের পেইড লিভ বা বেতনসহ ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
লজিটেক তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের নাম দিয়েছে ‘লজি গেম ডে’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কেবল স্থায়ী কর্মীরাই নন, বরং ইন্টার্ন এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন। আগামী এক বছরের মধ্যে কর্মীরা নিজেদের পছন্দমতো যেকোনো একটি কর্মদিবস বেছে নিয়ে ভিডিও গেম খেলার উদ্দেশ্যে এই সবেতন ছুটি কাটাতে পারবেন।
এই আয়োজনকে কেবল ঘরোয়া বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখছে না লজিটেক। ছুটির পাশাপাশি কর্মীদের জন্য একটি বিশেষ গেমিং লাইভস্ট্রিম ইভেন্টেরও আয়োজন করা হচ্ছে, যেখানে সহকর্মীরা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও এতে দারুণ উৎসাহ নিয়ে যোগ দিচ্ছেন; প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যালেন লেয়ার্ড এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রধান অর্থ কর্মকর্তা মাত্তেও আনভেরসা জানিয়েছেন, তিনি ছুটির দিনে রেসিং সিমুলেটরে ‘ফোরজা’ গেম খেলে সময় কাটাবেন।
গেম খেলার জন্য বেতনসহ ছুটি দেওয়ার পেছনে লজিটেকের মূল লক্ষ্য হলো গেমিং সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা বদলে দেওয়া। প্রতিষ্ঠানটির পরিচালিত ‘কন্ট্রোল টুমরো’ শীর্ষক এক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—অংশগ্রহণকারী ৮১ শতাংশ গেমারের বিশ্বাস, নিয়মিত ভিডিও গেম খেললে বাস্তব জীবনে আত্মবিশ্বাস বহুগুণ বাড়ে, মানসিক উদ্বেগ কমে এবং কাজের দক্ষতাও উন্নত হয়।
বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬) গেমটি মুক্তির অপেক্ষায় যখন কোটি গেমার প্রহর গুনছেন, ঠিক সেই সময়েই এমন ঘোষণা দিল লজিটেক। এইচআর প্রতিষ্ঠান ব্যাম্বুএইচআর-এর তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে নির্দিষ্ট দিনে ছুটির আবেদনের হার ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। অপর এক সমীক্ষায় দেখা গেছে, ১৮ শতাংশ চাকরিজীবী নতুন কোনো জনপ্রিয় গেম বাজারে আসার দিন অফিস থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করে থাকেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










