জেলা প্রতিনিধি
নেত্রকোণা: নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই ছাত্রীকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিল মাসে শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় শিশুটি ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মদন থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করে। পরবর্তীতে ২০২৬ সালের ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভুক্তভোগী শিশুটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা নবজাতক ও অভিযুক্ত শিক্ষক সাগরের রক্তের নমুনা সংগ্রহ করে সিআইডি ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠান। ফরেনসিক পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ ম্যাচ পাওয়া যায় এবং নবজাতকের জৈবিক পিতা হিসেবে শিক্ষক সাগরের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরপর আদালতে শিক্ষক সাগরের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে। গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির দিনে প্রধান আসামি শিক্ষক সাগর তার সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার শর্তে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও ট্রাইব্যুনাল তা কঠোরভাবে নাকচ করে দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও অকাট্য ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণা করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










