আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বন্ধুরাষ্ট্র যুক্তরাজ্যের মাটিতে রাশিয়ার পক্ষে গোপন গোয়েন্দা তথ্য পাচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার-টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে ইংল্যান্ডের গ্লুচেস্টার এলাকা থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সংবেদনশীল দায়িত্বে থাকা অবস্থায় মস্কোর সঙ্গে গোপন যোগাযোগের এই ঘটনায় ওয়াশিংটন ও লন্ডনে তোলপাড় শুরু হয়েছে।
ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ জানিয়েছে, আটক মার্কিন সেনাসদস্যকে বর্তমানে লন্ডনের একটি বিশেষ নিরাপত্তা পুলিশ স্টেশনে রাখা হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের বিশেষ ধারা অনুযায়ী কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন ছাড়াই তাঁকে সর্বোচ্চ ১৪ দিন পুলিশ হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করার অনুমতি রয়েছে। তদন্তকারীরা তাঁর ডিজিটাল ডিভাইস ও যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখছেন।
এই গুরুতর ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো (এফবিআই) কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশের প্রতি শপথ ভঙ্গের মতো অপরাধে মার্কিন সরকারের বিন্দুমাত্র সহনশীলতা নেই। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন মন্তব্য করেছেন, সংবেদনশীল সামরিক দায়িত্বে থাকা কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির ভয়াবহ বাস্তবতাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তথ্য ফাঁসের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে তৎপর রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









