আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মাহরাম অর্থাৎ পুরুষ সঙ্গী কিংবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে ‘অঘোষিত’ নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকদের বাধ্য করছে তালেবান যোদ্ধারা।
প্রতিবেদনে গত জুলাইয়ের একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতের তীব্র ব্যথা নিয়ে ক্লিনিকে গেলে চিকিৎসক জানান তার একাধিক দাঁত ফেলে নতুন করে লাগাতে হবে। তবে তিনবার যাওয়ার পর ক্লিনিক থেকে তাকে ফোন করে না যেতে বলা হয় এবং পরবর্তীতে বিশেষ পরিস্থিতির কারণ দেখিয়ে চিকিৎসা বন্ধ রাখা হয়।
উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) অঘোষিত এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীর অবস্থা গুরুতর হোক বা স্বাভাবিক, মাহরাম না হওয়ায় পুরুষ চিকিৎসকদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, তালেবান সরকার একদিকে পুরুষ চিকিৎসকদের মাধ্যমে নারীদের চিকিৎসায় বাধা দিচ্ছে, অন্যদিকে ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়াশোনা এবং হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগও বন্ধ করে রেখেছে। এমনকি যেসব নারী চিকিৎসক বর্তমানে সেবা দিচ্ছেন, তাদের সঙ্গেও মাহরাম রাখার বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়া এক নারী রোগী গার্ডিয়ানকে জানান, বাবার সঙ্গে পুরুষ চিকিৎসককে দেখাতে গেলেও চিকিৎসক তাকে দেখেননি; বরং শরীরে স্পর্শ করার প্রয়োজন হলে সহায়তার জন্য অন্য কোনো নারী সঙ্গী বা নারী স্টাফ না থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ









