জেলা প্রতিনিধি
বগুড়া: নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ এবং যৌন হয়রানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা আলী আজম সাব্বির খানকে এবার বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হকের স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাব্বির খান বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
টিটিসি সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির খান প্রতিষ্ঠানটিতে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী ছিলেন। তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ বার্তা পাঠানো এবং অশালীন প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এর আগে গত ২৪ মে বগুড়া টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থী সাব্বিরকে ইভটিজিংয়ের অভিযোগে প্রকাশ্যে জুতাপেটা করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপরই অন্যান্য নারী প্রশিক্ষণার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।
এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী হয়রানির দায়ে তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক জানান, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, জুতাপেটার ঘটনার পর এনসিপির বগুড়া জেলা শাখা সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। তবে এ বিষয়ে অভিযুক্ত সাব্বির খানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাফ্লো/এফআইআর






