বাংলাফ্লো ডেস্ক ঢাকা: জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল ওহিদ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বৃহস্পতিবার শুনানিকালে নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন তাঁকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতে বলেন, আসামি গত বছরের আগস্ট মাস থেকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং তিনি অসুস্থ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে মাহফুজুর রহমান প্রাণ হারান। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি তাঁর বাবা বাদী হয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









