আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সতর্কবার্তায় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’—এমন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি নতুন সফর স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ নির্দেশনায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করেছে। এ ছাড়া ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করে জাপানি নাগরিকদের সেখানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৫ অক্টোবর থেকে আঞ্চলিক উত্তেজনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঝুঁকি বেড়েছে। ফলে ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার কিংবা সেগুলোর কাছাকাছি অবস্থান করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










