আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আগামী বছরের (২০২৭ সাল) মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাসে এশীয় এই দুই দেশের বিপরীতমুখী অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।
আইএমএফ জানিয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে ২০২৬ সালে জাপান চতুর্থ স্থানে টিকে থাকলেও ২০২৭ সালে ৪ দশমিক ৫২ ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপি নিয়ে চার নম্বর স্থান দখল করবে ভারত। সে সময় ভারত ও যুক্তরাজ্যের পেছনে পড়ে ষষ্ঠ স্থানে নেমে যাবে জাপান। বর্তমানে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি।
আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি মূল্যের ধাক্কা সত্ত্বেও শক্তিশালী রাজস্ব শৃঙ্খলা ও সঞ্চিত তহবিলের কারণে ২০২৬ সালে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। অন্যদিকে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, ইয়েনের মান পতন ও মূল্যস্ফীতির চাপে ২০২৬ সালে জাপানের প্রবৃদ্ধি কমে ০ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









