বিনোদন ডেস্ক ঢাকা: চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সোলজার’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাত্র নয় দিনের শুটিং বাকি থাকলেও বারবার শিডিউল জটিলতার কারণে শাকিব ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেশ কয়েকবার শিডিউল চূড়ান্ত করেও বাকি অংশের শুটিং শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এ বিষয়ে শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং শুরু করতে পারেনি—যে সময়ের মধ্যে দুই-তিনটি সিনেমার কাজ শেষ করা সম্ভব হতো। এদিকে শুটিং আটকে থাকার নেপথ্যে কলাকুশলীদের বকেয়া সম্মানীর কথাও শোনা যাচ্ছে। তবে সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানী পরিশোধের বিষয়টি সঠিক নয় এবং দ্রুতই বাকি শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
সাকিব ফাহাদ পরিচালিত এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান দেশে ফিরে আগামী ঈদের সিনেমা ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’-এর কাজে ব্যস্ত হয়ে পড়বেন বলে ডিসেম্বরে ‘সোলজার’ মুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। বাংলাফ্লো/এম এইচ এইচ












