জেলা প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’ নামের একটি আবাসিক রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উখিয়ার ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম পরিচালনা করে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









