বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা, দন্তচিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত সম্প্রতি মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন। শাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র পাড়ায় উড়ছিল। বিশেষ করে বিমানে শাকিবের পাশে বসে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। এবার একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে সেই ছবি, তাদের সম্পর্ক এবং শাকিব খানের অতীত লুক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা।
গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি জান্নাত স্পষ্টভাবে জানান, কারও নাম ভাঙিয়ে বা পা ধরে তিনি নায়িকা হননি। শাকিবের সঙ্গে একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ থাকার ইঙ্গিত দিয়ে তিনি সেই ভাইরাল ছবির দিনের একটি ব্যক্তিগত গল্প শেয়ার করেন। মিষ্টি বলেন, “ওই দিনই আমি ওর (শাকিব) বাসায় গিয়েছিলাম। ও ওপর থেকে মায়ের কাছ থেকে খাবার নিয়ে এসে বলে— ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।” শাকিব সব ছেড়ে তার কাছে আসতে চাইলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে মিষ্টি সাফ জানিয়ে দেন, শাকিবকে শুধু তার দুই স্ত্রী নয়, বরং তার ‘অনেক গার্লফ্রেন্ড’ থাকাও বন্ধ করতে হবে।
এছাড়া, দেশের শীর্ষ স্টাইলিশ নায়কদের তালিকায় শাকিবকে এক নাম্বারে রাখলেও, অতীত লুক নিয়ে তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলতেও ছাড়েননি তিনি। মিষ্টি জানান, ছোটবেলায় এফডিসিতে শাকিবকে লাল লিপস্টিক পরা অবস্থায় দেখে তার কাছে ‘ক্ষ্যাত’ ও বিরক্তিকর লেগেছিল। তবে ‘শিকারী’ সিনেমা থেকে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনের বিষয়টিকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং এটিকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






