আইন ও আদালত
ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এদিন তাদের দুজনকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।
এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী এবং মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এ ঘটনা সংঘটিত করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে; তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টির কাছে ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। এ সময় মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীনসহ সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করলে কয়েকজন কর্মীসহ ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করে নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়। ৭ আগস্ট পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে সিএমএইচে ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়; এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












