বিনোদন ডেস্ক
ঢাকা: মাতৃত্ব ও পেশাগত জীবনের ভারসাম্য চমৎকারভাবে বজায় রেখে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট; এমনকি অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউডের সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনয় ও কাজের প্রতি এই নিষ্ঠা যেন মায়ের কাছ থেকেই পেয়েছেন আলিয়া, কারণ তার মা অভিনেত্রী সোনি রাজদানও আলিয়াকে গর্ভে ধারণ করা অবস্থাতেই সামলেছেন শুটিংয়ের ব্যস্ততা।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান। তিনি জানান, প্রথমবার যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন একটি ধারাবাহিকে কাজ করছিলেন এবং পরিচালকদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছিলেন। সদ্যবিবাহিত অবস্থায় লোখন্ডওয়ালায় থাকার কারণে সকালে গাড়ি পাওয়া কঠিন ছিল, তাই ভোর ছয়টায় তার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হতো এবং শুটিং সেটে সবচেয়ে ভালো ঘরটি তাকে দেওয়া হতো।
১৯৯৩ সালের একটি ঘটনার কথা স্মরণ করে সোনি জানান, আলিয়া যখন তার গর্ভে, তখন মহেশ ভাটের পরিচালনায় ‘গুমরাহ’ সিনেমায় কাজ করছিলেন তিনি। ওই সিনেমার শুটিংয়ে গিয়ে এক দিনেই প্রায় ১০০টি সিগারেট টানতে হয়েছিল তাকে।
সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সোনি রাজদান বলেন, ছবিতে ধূমপানের একটি দৃশ্যের শুটিং করছিলেন তিনি এবং তখন তিনি জানতেনই না যে তার গর্ভে আলিয়া রয়েছে। এমনিতে ধূমপান না করলেও ওই শুটিংয়ের পর অদ্ভুতভাবে তার সিগারেট খেতে ইচ্ছে করত বলে জানান তিনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন সোনি রাজদান। তিনি উল্লেখ করেন, সেই সময় সন্তানের কথা প্রকাশ্যে আনলে অভিনেত্রীদের ক্যারিয়ার ঝুঁকিতে পড়ত, কিন্তু এখনকার চিত্র পুরোপুরি উল্টো—আর সে কারণেই স্বামী-সন্তান সামলে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন আলিয়ারা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












