বিনোদন ডেস্ক
ঢাকা: শহুরে মেয়ে সাবিহা ঘটনাক্রমে গ্রামের চাচার বাড়িতে বেড়াতে এসে রীতিমতো অবাক। তিনি দেখেন, গ্রামের শিশু থেকে বৃদ্ধ—সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে, এমনকি ঝালমুড়ি বিক্রেতাও বাদ যান না। শুধু তা-ই নয়, গ্রামবাসীর দাবি তারা ইনস্টাগ্রামে নিয়মিত রণবীর সিং, মাধুরী দীক্ষিত, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা আরলিং হালান্ডের মতো বিশ্বতারকাদের সঙ্গে চ্যাটিং করেন!
তবে এমন অদ্ভুত গ্রাম বাস্তবে নয়, দেখা গেছে একটি ইউটিউব ফিল্মের গল্পে। ‘Instaগ্রাম’ নামের এই ইউটিউব ফিল্মটি মাসুদুল হাসানের ভাবনায় লিখেছেন সিদ্দিক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ১৪ নভেম্বর সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।
মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ফিল্মটি। এরই মধ্যে এর ভিউ ৮০ লাখ ছাড়িয়েছে। হাস্যরসাত্মক ঢঙে গল্প এগিয়ে গেলেও শেষ পর্যন্ত এতে সমাজের মঙ্গল ও মানুষে মানুষে সৌহার্দ্যের একটি সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে গেছে।
‘Instaগ্রাম’-এর কেন্দ্রীয় চরিত্র সালেকের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। গ্রামের এই যুবক টাকার বিনিময়ে সবাইকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন এবং নিজেই তারকাদের ফেইক আইডি থেকে গ্রামবাসীর সঙ্গে চ্যাটিং করেন। শহর থেকে আসা সাবিহা তথা নাজনীন নাহার নীহার মাধ্যমে এই গোমর ফাঁস হয়ে যায়।
তবে গল্পের শেষে বোঝা যায়, সালেক আসলে সবার ভালোর জন্যই কাজটি করছিলেন। এই ইউটিউব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, রোজী সিদ্দিকী, মাহমুদুল হাসান মিঠু, ইসরাত অতিথি ও এমএনইউ রাজু প্রমুখ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












