জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) সেখানে দল দুটির নেতাকর্মীদের তাণ্ডব চলছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। মূলত সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের ছিনিয়ে নিতেই মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
থানা ঘেরাওয়ের সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
পুলিশ পিছু হটার পর হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানা প্রাঙ্গণে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ










