বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। ৬ বছর আগে প্রথম সিজন মুক্তির পর থেকে গ্রামীণ রাজনীতির গল্প ও মনকাড়া চরিত্রগুলোর কারণে চতুর্থ সিজন পর্যন্ত দর্শকপ্রিয়তা ধরে রেখেছে সিরিজটি। গত বছর জুনে ‘পঞ্চায়েত ৪’ মুক্তির পরপরই চলতি বছর পঞ্চম সিজন আসার কথা ছিল।
তবে ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছর আর মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত ৫’। এ জন্য দুঃখ প্রকাশ করে প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে নতুন মৌসুমটি দর্শকদের সামনে আসতে পারে।
মুক্তি পেছানোর ঘোষণাটি বেশ রসিকতার ছলে দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টে সিরিজের জনপ্রিয় চরিত্র ভুষণ ওরফে বানরাকসের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে লেখা হয়েছে, ‘প্রধানপতির ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’ পাশাপাশি সিরিজটির গ্রামীণ আবহের সঙ্গে মিল রেখে দেয়ালে লেখা ঘোষণার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
রসিকতার সুরে বিলম্বের খবর দেওয়ায় দর্শকদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও এখনো নতুন সিজনের নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
জানা গেছে, চতুর্থ মৌসুমের অসমাপ্ত গল্পের অনেক প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে। ভুষণ ওরফে বানরাকস চরিত্রের অভিনেতা দুর্গেশ কুমারও এবার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। চন্দন কুমারের লেখা ও দীপক কুমার মিশ্রের পরিচালনায় টিভিএফের প্রযোজিত এই সিজনেও অভিষেক ত্রিপাঠির চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার।
বাংলাফ্লো/এম এইচ এইচ












