জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ওই মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং সেখানে উপস্থিত রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজুকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল, তাই চিকিৎসকদের করার কিছু ছিল না। এদিকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি নাকি ককটেল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি জানান, বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার উত্তেজনা সামাল দিতে পুলিশ কাজ করছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









