বিনোদন ডেস্ক
ঢাকা: পাকিস্তানি অভিনেত্রী রামশা খান বিয়ের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মাঝে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এমনকি অভিনেতা খুশাল খান তার স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বাধ্য করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এবার সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন খুশাল।
এক সাক্ষাৎকারে তাদের বিয়ে এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে খোলামেলা কথা বলেন খুশাল খান। তিনি জানান, রামশা নিজের সিদ্ধান্তেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পথ বেছে নিয়েছেন। বিয়েটি ব্যক্তিগত রাখাই তাদের উদ্দেশ্য ছিল এবং যথাসময়ে তারা নিজেরাই তা প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
খুশাল আরও জানান, বিয়ের দিনই তিনি নিজের পক্ষ থেকে বিয়ের খবর প্রকাশ করেছিলেন। তবে তার আগেই তাদের সম্মতি ছাড়া বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সে সময় রামশা ঘটনাটিকে ‘অনধিকার চর্চা, অসম্মানজনক ও সম্পূর্ণ অনৈতিক’ বলে অভিহিত করেছিলেন।
স্ত্রীকে বাধ্য করার অভিযোগ উড়িয়ে দিয়ে খুশাল বলেন, যা ঘটেছে এবং এরপর মানুষের প্রতিক্রিয়া দেখে রামশা নিজেই ইন্টারনেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে অভিনেতা জানান, তিনি রামশাকে ইন্টারনেট ও নাটক থেকে দূরে থাকার ব্যাপারে নিশ্চিত কি না জানতে চাইলে রামশা নিজের ইচ্ছার কথাই জানিয়েছিলেন।
অনলাইনে নেতিবাচক মন্তব্যে তিনি নিজে খুব একটা বিচলিত না হলেও বিয়ের পর তাদের ঘিরে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ দেখে দুজনেই বিস্মিত হয়েছেন বলে জানান খুশাল। বিশেষ করে পশতুন জনগোষ্ঠীকে নেতিবাচকভাবে উপস্থাপনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কাউকে এভাবে ‘পশ্চাৎপদ’ বলে আখ্যা দেওয়া মোটেও ঠিক নয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












