বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের পাশের গলিতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত স্টার কাবাবের সামনে অবস্থানরত দুজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মুছাব্বির ও সুফিয়ান মাটিতে লুটিয়ে পড়েন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, ঘটনার পরপরই গুলিবিদ্ধ আজিজুর রহমানকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত আবু সুফিয়ানকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টার কাবাবের গলিতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির প্রাণ হারান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাফ্লো/এফআইআর






