বিনোদন ডেস্ক
ঢাকা: চুপিসারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। সেই ছবি ছড়িয়ে পড়ার পরে তা স্বীকারও করেন। কিন্তু শেষ পর্যন্ত সংসারটা টেকসই হলো না। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সংসার। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে বিবাহবিচ্ছেদের এই খবর জানিয়েছেন দুজনেই।
বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানানোর পাশাপাশি সম্পর্কটি নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার অনুরোধও করেছেন তারা।
জানা যায়, বাদশাহ ও ইশা দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং এরপর ঘনিষ্ঠতা বাড়ে। অবশেষে চলতি বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন দুজনে। প্রথমে খবরটি আড়াল রাখলেও বিয়ের পর ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরও তারা চুপ থাকলেও অনেক দিন পর ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিয়ের কথা স্বীকার করে দুজনের ছবি শেয়ার করেন ইশা।
তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ওঠে। ইশা ও তার মায়ের একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে অনেকেই আঁচ করেছিলেন যে তাদের সংসার ভালো যাচ্ছে না। এবার সেই গুঞ্জনই সত্য হলো।
প্রসঙ্গত, ইশার আগে জেসমিন মাসিহের সঙ্গে বাদশাহর সংসার ছিল। ২০১২ সালে বিয়ে করা সেই সম্পর্কের ইতি ঘটে ২০২০ সালে। ওই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











