বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর আবারও একফ্রেমে বন্দি হতে যাচ্ছেন। তবে কোনো নাটক বা ওয়েব কনটেন্টে নয়, পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখালেন এই জুটি। তাদের নতুন এই ছবির নাম ‘কানাভুলা প্যারাডক্স’।
রহস্য ও রোমাঞ্চে ঘেরা ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শরিফুল রাজ লিখেছেন, “ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।” তার এই পোস্টের পর থেকেই সিনেপ্রেমীদের মাঝে নতুন কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুণী নির্মাতা ও প্রযোজক তানিম নূর। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় নিবেদন। নতুন এই সিনেমার মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।
জানা গেছে, সিনেমার গল্পটি প্রচলিত রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে সাজানো হয়েছে। প্রধান দুটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য রাজ ও সাবিলাকে একদমই ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। প্রসঙ্গত, গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের পর নতুন গল্প নিয়ে ফের বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ










