বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলা রকের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে তার অমর ২০টি গান নিয়ে শুরু হওয়া ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। অ্যালবামের প্রকাশিত গানগুলোর নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা ও ভক্তদের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই স্মরণ উদ্যোগ শুরু হয়েছিল। তবে প্রথম চারটি গান ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেতেই ভক্তদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মূল আপত্তি ছিল গানের মূল সুর ও মেজাজ বিকৃত করা নিয়ে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে প্রকল্প সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনার পর প্রকাশিত ওই চারটি গান অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে অপ্রকাশিত বাকি ১৬টি গানের কাজও আপাতত বন্ধ রাখার ঘোষণা আসে। আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার গণমাধ্যমের কাছে প্রকল্পটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ‘উত্তরাধিকার’ প্রজেক্টের সঙ্গে যুক্ত গায়ক ও সংগীত পরিচালকেরা। তাদের দাবি, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং তরুণ প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুর অমর সৃষ্টিকে নতুন করে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আন্তরিক প্রচেষ্টা ছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ












