বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা স্লোগান দিতে থাকেন তারা। এ সময় উপস্থিত জ্যেষ্ঠ নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী।
বাংলাফ্লো/এম এইচ এইচ












