বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় ও রাজস্ব ঘাটতির ব্যবধান দ্রুত বেড়ে যাওয়ায় দেশের জাতীয় ঋণ রেকর্ড ৩৮ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন অর্থ বিভাগ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ দাঁড়িয়েছে ৩৮ ট্রিলিয়ন ১৯ বিলিয়ন ৮১৩ মিলিয়ন ডলার।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিটার জি পিটারসন ফাউন্ডেশন এর হিসাব অনুযায়ী, এ ঋণের পরিমাণ যুক্তরাষ্ট্রের প্রতি নাগরিকের জন্য গড়ে প্রায় ১ লাখ ১১ হাজার ডলার যা চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের সম্মিলিত অর্থনীতির সমান।
গত আগস্ট মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ঋণ ৩৭ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে এ ঋণ ছিল ৩৬ ট্রিলিয়ন ডলার এবং ওই বছরের জুলাইয়ে ৩৫ ট্রিলিয়ন ডলার।
পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাইকেল এ. পিটারসন বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা তাদের মৌলিক আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। একের পর এক ট্রিলিয়ন ডলার ঋণ বাড়ানো এবং সংকট নির্ভর বাজেট তৈরি করা একটি মহান জাতির আর্থিক ব্যবস্থাপনার পথ হতে পারে না।
তিনি আরও বলেন, ঋণের ঘড়ির কাঁটা যতই দ্রুত ঘুরুক না কেন, এখনই সময় দায়িত্বশীল সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার, যা আমাদের দেশকে ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।


