আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, ইরানে যুদ্ধ চালাতে গিয়ে মার্কিন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। তবে এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে জানিয়েছেন, তাদের কোনো গোলাবারুদের ঘাটতি নেই; বরং কিছু অস্ত্রের মজুত প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, “আমেরিকার কাছে প্রচুর পরিমাণে ‘গোলাবারুদ’ মজুত আছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের। তাছাড়া, প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে গোলাবারুদ তৈরি করে আমেরিকায় পাঠানোও হচ্ছে।”
প্রচুর পরিমাণে গোলাবারুদ উৎপাদনে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। ট্রাম্প আরও লেখেন, “আমেরিকার প্রতিরক্ষা কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক কারখানা ও প্ল্যান্ট তৈরি করছে।”
এর আগে, গত মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন সেনাদের ‘থাড’ (THAAD) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের ৮০ শতাংশই শেষ হয়ে গেছে। সিএনএন-কে এক সামরিক কমান্ডার জানিয়েছিলেন, তাদের গোলাবারুদের পরিমাণ অত্যন্ত কম।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দেশগুলোর মধ্যে টানা ৪০ দিন তীব্র যুদ্ধ চলে। পরবর্তীতে যুদ্ধবিরতি হলেও আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দীর্ঘ এই সংঘাতের কারণেই মার্কিনিদের গোলাবারুদ ফুরিয়ে গেছে বলে খবর ছড়ায়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন, তাদের অস্ত্রের কোনো কমতি নেই।
বাংলাফ্লো/এম এইচ এইচ












