আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সমস্ত জল্পনা-কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠক শেষে দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির এই নতুন সরকার আগামীকাল শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবে।
বৈঠকে অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পর্যবেক্ষক এবং উড়িষ্যার নেতা মোহনচরণ মাঝি। নতুন দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় বিধায়কদের কাছ থেকে মোট আটটি প্রস্তাব এসেছিল এবং বিস্ময়করভাবে সব কটি প্রস্তাবেই কেবল একটি নাম ছিল—শুভেন্দু অধিকারী।
অমিত শাহ জানান, “দ্বিতীয় নামের জন্য আমরা পর্যাপ্ত সময় দিয়েছিলাম, কিন্তু আর কারও নাম আসেনি। তাই সর্বসম্মতিক্রমে আমরা ঘোষণা করছি যে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।”
মুখ্যমন্ত্রীর দৌড়ে একাধিক নাম নিয়ে গুঞ্জন থাকলেও, শুরু থেকেই সবচেয়ে এগিয়ে ছিলেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার হারানোই তাঁর এই উত্থানের প্রধান কারণ। বিশেষ করে, মমতার খাসতালুক ভবানীপুর কেন্দ্রে দ্বিতীয়বারের এই জয় তাঁকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অপরিহার্য করে তোলে।
রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করেন, বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রথম পছন্দ ছিলেন কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত শুভেন্দু। আর শেষ পর্যন্ত আরএসএসের সেই পছন্দেই আনুষ্ঠানিক সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বাংলাফ্লো/এফআইআর






