বিনোদন ডেস্ক
ঢাকা: অবৈধ বেটিং (জুয়া) অ্যাপ ‘১এক্সবেট’ (1xBet)-এর প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) টালিউড, বলিউড এবং ভারতীয় ক্রিকেট অঙ্গনের একাধিক তারকার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংস্থাটি।
তালিকায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা ছাড়াও রয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বলিউডের পরিচিত মুখেরা। বাজেয়াপ্তকৃত সম্পত্তির বিবরণ নিচে দেওয়া হলো:
যুবরাজ সিং (ক্রিকেটার): ২ কোটি ৫০ লাখ রুপি।
উর্বশী রাউতেলা (অভিনেত্রী): ২ কোটি ২ লাখ রুপি (মায়ের নামে থাকা সম্পত্তি)।
নেহা শর্মা (অভিনেত্রী): ১ কোটি ২৬ লাখ রুপি।
সোনু সুদ (অভিনেতা): ১ কোটি রুপি।
মিমি চক্রবর্তী (অভিনেত্রী): ৫৯ লাখ রুপি।
অঙ্কুশ হাজরা (অভিনেতা): ৪৭ লাখ ২০ হাজার রুপি।
রবিন উথাপ্পা (ক্রিকেটার): ৮ লাখ ২৬ হাজার রুপি।
ইডি দাবি করেছে, এই তারকারা অবৈধ বেটিং অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিয়েছেন, যা ‘মানি লন্ডারিং’ বা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে। এর আগে এই মামলার তদন্তে মিমি ও অঙ্কুশকে দিল্লির দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করেছিল ইডি।
এই একই মামলায় এর আগে তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার প্রায় সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির এই ধারাবাহিক অভিযান বিনোদন ও ক্রীড়া জগতে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে।
বাংলাফ্লো/এফআইআর






