বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
চট্টগ্রামের সাতকানিয়ায় জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে (৩৫) পথরোধ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় এজাহারভুক্ত ১০ আসামিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হয়।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ৩০ আগস্ট রাতে বাজালিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে ব্যারিকেড দিয়ে জাহেদ ও তাঁর সঙ্গীকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই জাহেদ নিহত হন এবং তাঁর সঙ্গী গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের পর আসামিরা দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত জাহেদ নিজেও একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি ছিলেন এবং পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












