স্পোর্টস ডেস্ক
ঢাকা: এএফসি চ্যাম্পিয়নস লিগ টু (AFC Champions League Two) ফাইনালে জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট হারানোর বেদনায় ভেঙে পড়েছেন আল-নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষের পর রানার্স-আপ দলের জন্য আয়োজিত মেডেল প্রদান অনুষ্ঠান এড়িয়ে সিআরসেভেন সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান, যা এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত ঘটনা।
ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। নিজেদের মাঠ এবং চেনা দর্শকদের সামনে খেলছিল সৌদি ক্লাবটি। কোচ হোর্হে হেসুসের অধীনে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল তারা। ফুটবল বিশ্লেষকদের ধারণা ছিল, রোনালদোর আল-নাসর যুগে এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা ঘরে তুলবে ক্লাবটি। কিন্তু মাঠের দুর্বল পারফরম্যান্স এবং গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার বিধ্বস্ত ও হতাশ চেহারা। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে মাঠে দাঁড়িয়ে থাকার পর তিনি রানার্স-আপ দলের রূপার মেডেল নেওয়ার আনুষ্ঠানিকতার অপেক্ষা না করেই সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন।
পরবর্তীতে দলের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়িয়ে রূপার মেডেল গ্রহণ করলেও সেখানে দলের সবচেয়ে বড় তারকাকে দেখা যায়নি। হার সহ্য করতে না পেরে মেডেল অনুষ্ঠান বয়কট করার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এখনো বড় কোনো অফিশিয়াল শিরোপা জিততে পারেননি ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার। এএফসি চ্যাম্পিয়নস লিগের এই ফাইনাল হার যেন রোনালদোর সেই দীর্ঘায়িত শিরোপা খরা ও হতাশার ঝুলিতে আরেকটি চরম যন্ত্রণাদায়ক অধ্যায় যোগ করল।
বাংলাফ্লো/এফআইআর




