বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর ২৫ বছর পূর্তি হচ্ছে চলতি বছর। ২০০১ সালের ১৪ ডিসেম্বর করণ জোহর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দীর্ঘ দুই দশক পেরিয়েও দর্শকদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে। বিশেষ এই রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সিনেমাটির আইকনিক ‘রাইচাঁদ হাউস’-কে বাস্তবের আবাসনে রূপ দিচ্ছে এয়ারবিএনবি, যেখানে ভক্তরা থাকার সুযোগও পাবেন।
তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সিনেমাটির দুই জনপ্রিয় চরিত্র ‘পু’ ও ‘রোহান’-এর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার পর দীর্ঘ ২৩ বছর আর একসঙ্গে দেখা যায়নি কারিনা কাপুর খান ও হৃত্বিক রোশনকে। এয়ারবিএনবির বিশেষ এই আয়োজনের ঘোষণা দিতেই দীর্ঘ বিরতি ভেঙে এক ফ্রেমে ধরা দিলেন এই জনপ্রিয় জুটি।
সম্প্রতি প্রকাশিত এক বিশেষ ভিডিওতে পুরোনো দিনের স্মৃতি নতুন করে ফিরিয়ে আনেন কারিনা ও হৃত্বিক। ভিডিওতে কারিনাকে আবারও সেই চিরচেনা ‘পু’ চরিত্রের ভঙ্গিতে ‘হাউ ডেয়ার ইউ?’ ও ‘হু আর দে?’ সংলাপগুলো বলতে শোনা যায়। অন্যদিকে হৃত্বিকও নিজের চেনা রসিকতায় মেতে উঠে মজার ছলে নিজের নম্বর হিসেবে ‘১০’ উল্লেখ করে ভক্তদের মুখে হাসি ফোটান।
ভিডিওটিতে রাইচাঁদ হাউসের বিখ্যাত সিঁড়ি, পুয়ের পোশাকের সংগ্রহ এবং স্টাডি রুমও দেখানো হয়েছে। একপর্যায়ে নির্মাতা করণ জোহরও তাঁদের সঙ্গে যোগ দিলে আবেগঘন নস্টালজিয়ায় ভাসেন কোটি ভক্ত। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মাহিপ কাপুর, অঞ্জলি আনন্দ, সাবা পাতৌদি ও তাহিরা কাশ্যপসহ বলিউডের বহু তারকা এই পুনর্মিলনকে ‘আইকনিক’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










