স্পোর্টস ডেস্ক
ঢাকা: দুই দশকের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। মাঠের অসংখ্য স্মৃতি, শিরোপা জয়ের উল্লাস আর দর্শকদের ভালোবাসা সঙ্গী করেই বুটজোড়া তুলে রাখলেন এই স্প্যানিশ প্লে-মেকার।
অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় মাতা জানিয়েছেন, তার জীবন থেকে ফুটবল কখনোই হারিয়ে যাবে না। তিনি বলেন, পেশাদার ফুটবল খেলা হয়তো বন্ধ করছেন, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করবেন না। খেলাটিকে ভালোবাসার অসংখ্য কারণ রয়েছে এবং সমাজের উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাতার অবসরের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার সাবেক দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়ে তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে। অন্যদিকে চেলসি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অসাধারণ এক খেলোয়াড় হিসেবে অভিহিত করেছে।
জাতীয় দল স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হুয়ান মাতা। তিনি ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপজয়ী দলের গর্বিত সদস্য ছিলেন। এরপর ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও শিরোপা জেতেন তিনি, যেখানে ইতালির বিপক্ষে ৪-০ গোলের ফাইনালে একটি গোলও করেছিলেন। এছাড়া ২০০৮ সালে স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্বও তার ঝুলিতে রয়েছে।
রিয়াল মাদ্রিদের যুব দল থেকে ফুটবলে হাতেখড়ি হওয়া মাতা ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেন। ২০১১ সালে চেলসিতে পাড়ি জমিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জয়ের পাশাপাশি টানা দুই মৌসুম ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেন এবং ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতেন। ক্যারিয়ারের শেষভাগে তিনি গালাতাসারাই, ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টোরিতে খেলেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









