বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানের সন্তান হওয়ায় জন্ম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরিয়ান খান। বাবার সঙ্গে চেহারা, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের অদ্ভুত মিল থাকায় প্রায়ই ভক্ত ও সমালোচকরা তাদের দুজনের মধ্যে তুলনা টানেন। তবে বাবার তারকাখ্যাতির ছায়ার বাইরে এসে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান আরিয়ান। সম্প্রতি নিজের ক্যারিয়ার ও বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
শাহরুখ খানের কন্যা সুহানা খান বাবার পথ ধরে অভিনয়কে বেছে নিলেও ছেলে আরিয়ানের ঝোঁক ক্যামেরার পেছনে। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সুহানা। অন্যদিকে, ২০২৫ সালে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে নিজের যাত্রা শুরু করেন আরিয়ান খান।
প্রথম কাজেই পরিচালকের আসনে বসে নিজের মুন্সিয়ানা দেখানোর চেষ্টা করেছেন শাহরুখপুত্র। কাজের বাইরেও প্রায়ই আলোচনায় উঠে আসে বাবার সঙ্গে তাঁর বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের সাদৃশ্য। বাবার সঙ্গে এই তুলনাকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে আরিয়ান ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তাঁর ভাষ্য, এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে তিনি সবসময়ই প্রশংসা হিসেবে দেখেন এবং বাবাকে তিনি সত্যিই এক অসাধারণ ব্যক্তিত্ব মনে করেন।
বাবার বিশাল অর্জনকে গভীর সম্মানের চোখে দেখলেও নিজের মেধা ও পরিশ্রমের মধ্য দিয়েই আলাদা পরিচিতি গড়তে চান আরিয়ান। পরিচালনার প্রতি গভীর আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, কোনো একটি ভাবনাকে বাস্তব রূপ দিতে তাঁর ভীষণ ভালো লাগে। কাগজে সেই ভাবনা লিখে ফেলা থেকে শুরু করে শুটিং ও শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন করার পুরো প্রক্রিয়াটাই তিনি উপভোগ করেন।
চলচ্চিত্র বা সিরিজে একজন পরিচালকের আসল মুন্সিয়ানা কোথায়, সে বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন আরিয়ান খান। তাঁর মতে, মূল গল্পগুলো প্রায় সময়ই একই রকম থাকে, কিন্তু সেই গল্পকে কীভাবে নতুন আঙ্গিকে বলা যায় এবং তাতে ভিন্ন রকমের মোড় আনা যায়, সেটিই আসল চ্যালেঞ্জ। পর্দায় গল্প বলার ধরনই একজন নির্মাতাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে বলে মনে করেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









