বিনোদন ডেস্ক
ঢাকা: বিশ্বের বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য অর্জনের ধারাবাহিকতায় এবার ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।
উৎসবে জুরি বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করে জানান, এক সৎ নীতি-আদর্শবান শিক্ষকের সমাজ বদলে দেওয়ার লড়াই এবং ব্যক্তি স্বার্থকেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার মারপ্যাঁচে তার অসহায়ত্বের গল্পটি অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বজুড়ে দুর্নীতি ও সৎ মানুষের লড়াইয়ের এই চেনা বাস্তবতা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
পুরস্কার প্রাপ্তির পর নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত তার পুরো কলাকুশলী টিমের ডেডিকেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিনেমাটির নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবু। বিদেশের মাটিতে একের পর এক স্বীকৃতি পেলেও সিনেমাটি এখনও বাংলাদেশে প্রদর্শনের সেন্সর বা মুক্তির অনুমতি পায়নি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









